করোনা আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে।
বর্তমানে তার জ্বর ও কাশি নেই। আগের মতো হাইফ্লো অক্সিজেন লাগে না। অক্সিজেন স্যাচুরেশন আগের চেয়ে বেশ ভালো।
সবমিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং আরো উন্নতি হয়েছে। গত মঙ্গলবার (১৩ এপ্রিল) তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো।
আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠছেন। যে কারণে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউ থেকে কোভিড ইউনিটের কেবিন ব্লকে স্থানান্তর করা হয়েছে।
রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার জানান, রুহুল কবির রিজভী নিজেই স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন। তবে গত শনিবারও তার ষষ্ঠবারের মতো করোনা টেস্ট পজিটিভ আসে।
এরআগে গত বৃহস্পতিবার (১ এপ্রিল) হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হওয়া এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে স্কয়ারের আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন আরিফুর রহমান তুষার।
উল্লেখ্য যে, গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী সহ অন্যান্য অসুস্থ্য নেতাদের সার্বিক খোঁজ-খবর রাখছেন।



