নীলফামারী জেলা প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার ১৯ শে আগস্ট ভোর থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বাড়তে থাকে এবং বিকেল ৩টার পর থেকে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি বাড়ার সাথে সাথে অনেক এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে বলে জানা গেছে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরন কেন্দ্র জানায়- বৃহস্পতিবার ভোর থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে।
দুপুর ১২ টায় তিস্তার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকেল ৩ টায় ২ সেন্টিমিটার বেড়ে পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় (বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)। রাতে তিস্তার পানি আরো বাড়তে পারে বলে জানিয়েছে সর্তকীকরণ কেন্দ্র। এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চর প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিগন। ওই সব এলাকায় অনেক স্থানে ভাঙ্গন শুরু হওয়ায় অনেক পরিবার অন্যত্র সরিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রনের চেষ্টা করা হচ্ছে।