মোঃ আশরাফুল ইসলাম রাজু
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে পরিবারের সকলকে মারধর ও কাজের লোককে হত্যা চেষ্টা অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের কুন্দল ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইউনুস আলী বাদী হয়ে সৈয়দপুর থানায় মারধর ও হত্যা চেষ্টায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মামুন, রিমন, রুবেল, রিফাত, রেজাউল, নাছিমা ও রনিদের সাথে ইউনুস আলীর দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার (৩১ জুলাই) ইউনুস আলী বাড়ির সীমানার বেড়াচাটি কাজের লোক নিয়ে ঠিক করছিলেন। এমন সময় বর্ণিতরা ইউনুস আলীর বাড়িতে প্রবেশ করে কাজে বাধা প্রদান করেন। এতে ইউনুস আলীর ছেলে বাপ্পী প্রতিবাদ করলে তাকে অভিযুক্তরা মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় ইউনুস আলীর স্ত্রী ও কন্যা তাকে রক্ষা করলে অভিযুক্তরা তাদের শালীনতার হানি ঘটান। এসময় কাজের মিস্ত্রী আতিয়ার ঝগড়া থামাতে এগিয়ে আসলে মামুন বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে আতিয়ারের মাথা রক্তাক্ত কাঁটা জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাঁসপাতালে চিকিৎসা করান।
অভিযোগ দায়ের বিষয়ে সৈয়দপুর থানার (ওসি) আবুল হাসানাত খান বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাজের লোকের মাথায় রক্তাক্ত কাটা জখম হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
