শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে গোপনে কলেজ ছাত্রীর গোসলের ভিডিও ধারণঃ আটক ১

 



নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হাজিরহাটে মোবাইলে গোপনে ধারণ করা কলেজ ছাত্রীর গোসলের ভিডিও কম্পিউটারে সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফরহাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।তিনি একই গ্রামের দুলাল হোসেনের ছেলে।


এলাকাবাসী জানান, প্রায় ৮ মাস আগে দেলোয়ার হোসেন গোপনে কলেজ ছাত্রীর গোসলের ভিডিও মোবাইলে ধারণ করে। পরবর্তীতে সে তার মোবাইলের মেমোরি কার্ডে গান লোড করতে হাজির হাটে ফরহাদ হোসেনের কম্পিউটারের দোকানে যায়। কম্পিউটার দোকানদার ফরহাদ হোসেন ওই কলেজ ছাত্রীর গোসলের ভিডিও দেখে তা নিজের কম্পিউটারে সংরক্ষণ করেন।


পরে ভিডিওটি একই এলাকার চঞ্চল, আলী সহ বিভিন্ন জনের মোবাইলের মেমোরি কার্ডে লোড দেওয়া হয়।প্রায়  ১০-১৫  দিন আগে চঞ্চল ওই কলেজ ছাত্রীকে তার গোসল করার ভিডিও দেখালে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


বিষয়টি ধামাচাপা দেয়ার জন‍্য স্থানীয় মাতব্বররা মিলে ১ লাখ টাকার বিনিময়ে রফাদফা করেন। কিন্তু টাকার প্রস্তাবে ছাত্রীর বাবা রাজি না হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই হাজির হাট থেকে ভিডিও সংরক্ষণ করা কম্পিউটার সহ দোকানদার ফরহাদ হোসেনকে আটক করেন।


এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পর্নোগ্রাফি আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে রাতেই আটক করে কম্পিউটার জব্দ করা হয়েছে।বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকার খবর