নীলফামারী প্রতিনিধিঃ
আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউপির বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রউফ গোলাপ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার বিকালে বিপুল জনসমর্থন নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় ইউনিয়নের সাধারণ ভোটারেরা বলেন, দীর্ঘদিন ধরে গোলাপ আমাদের মাগুড়া ইউনিয়নের ব্যক্তিগতভাবে গরীব-অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। আসন্ন নির্বাচনে গোলাপের কোনো বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ গোলাপ বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মাগুড়া ইউনিয়নকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। ইউনিয়নের সার্বিক উন্নয়ন সহ শিক্ষার মান ও খেলাধুলা আরো সমৃদ্ধ করবো এবং মাগুড়া সিঙ্গেরগাড়ী মধ্যে কোন বৈষম্য থাকবে না।
তিনি আরো বলেন, জনপদের উন্নয়নের প্রশ্নে নৌকা প্রতীক ছাড়া আর কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যে ধারাবাহিকতা রেখেছেন তাতে সম্পৃক্ত থাকতে হলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তাই এ সময়ে নৌকার পক্ষে রায় দেওয়ার জন্য উপস্থিত সবাই হাত তুলে অঙ্গীকার করেন।নৌকার পক্ষে স্লোগান দিয়ে আগামী ২৮শে নভেম্বর নির্বাচনে বিজয়ের শতভাগ আশাবাদ ব্যক্ত করেন আব্দুর রউফ গোলাপ।