শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের গাড়াগ্রামে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান

 



নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৮ নং গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম‍্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিককে নির্বাচনী প্রচারণায় বাধা ভয় ভীতি এবং হুমকির অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাহার হোসেন ও তার ছেলে মামুনের বিরুদ্ধে।


বৃহস্পতিবার দুপুরে মারুফ হোসেন অন্তিক কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন এবং রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী মোজাহার হোসেন ও তার বড় ছেলে মামুনার রশিদ লাঙ্গলের প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডে প্রচারণার কাজে বাধাদান, ভয়ভীতি, হুমকিসহ প্রচার-প্রচারণার কাজে ঢুকতে নিষেধ করেন।এতে লাঙ্গলের  প্রার্থী মারুফ হোসেন অন্তিক নিজের কর্মী,ভোটারদের নিরাপত্তাসহ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করার দৃষ্টি আকর্ষণ করেন।


এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোজাহার হোসেন  বলেন, আমি গতকাল বুধবার রাতে মুঠোফোনে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিক ও আনারস প্রতীকের  চেয়ারম্যান প্রার্থী জোনাব আলীকে ওই ওয়ার্ডগুলোতে ঢুকতে নিষেধ করেছি। আর ঢুকলে কোনো বিশৃঙ্খলা হলে এর জন্য কোন দায়ভার আমি নেব না। 


উপজেলা রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি  নির্বাচনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমানকে অবহিত করা হয়েছে, উনি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।


কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল অভিযোগ পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেন।

এলাকার খবর