নীলফামারী প্রতিনিধিঃ
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আজ অগ্রগণ্য” এই শ্লোগানে উজ্জীবিত হয়ে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে নারীর সাফল্য, নারীর জীবন সংগ্রাম, নারী উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে প্রতিবছরের ন্যায় এ বছরও নীলফামারী কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট), সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তার, সমবায় অফিসার জাকিয়া ফারহানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম (বাবু),মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম।
এ সময় বক্তাগণ বিভিন্ন অর্থসামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক পথ পরিক্রমায় নারীর অবদানের স্বীকৃতি প্রদান, লিঙ্গসমতা সম্পর্কে সমাজকে সচেতন করা এবং সমাজের সর্বস্তরের নারীর সাফল্য জয়গান গাওয়া, পুরুষতান্ত্রিক ধ্যান-ধারণা, নারী বিদ্বেষী রক্ষণশীল চিন্তা চেতনা মূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনাসহ নানা দিক তুলে ধরেন।