কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসহ চার ভিসা প্রতারক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের।
আটককৃতরা হলেন, উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত আলাউদ্দিন আলীর ছেলে মনোয়ার হোসেন (২৬), মৃত মোহাম্মদ আলীর ছেলে হাসিনুর রহমান (৩০), মৃত মোজাম্মেল কাজীর ছেলে জোবাইদুল ইসলাম (২৮) ও বাহাগিলী বৌদ্ধপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে শাহিন মিয়া (৩৩)।
পুলিশ জানায়, মনোয়ার হোসেন ভিসা প্রতারণার একটি চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এতে মাদারীপুর এলাকার এক ব্যাক্তিকে ভুয়া ভিসা দিয়ে ২৯ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে থানায় মামলা দায়ের করেন। এতে গত ১৩ সেপ্টেম্বর পুলিশ অভিযান চালিয়ে তার স্ত্রী জুই বেগমকে আটক করেন। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনোয়ার হোসেন পালিয়ে যায়।পরে গতকাল গভীর রাতে নিতাই ইউনিয়নের নওদার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মনোয়ার হোসেনসহ তার তিন সহযোগীকে আটক করেন। এসময়ে তাদের সঙ্গে ভিসা প্রতারণার জিনিসপত্র ও দেহ তল্লাশি করে ২১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, মনোয়ার হোসেনসহ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে ভিসা প্রতারনার একটি মামলা করা হয়েছিলো। মূলহোতাকে আটক করতে গিয়ে তার তিন সহযোগীসহকে পাওয়া যায়। এসময়ে তাদের সঙ্গে ২১ পিচ ইয়াবা পাওয়া গেছে । এবিষয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
