মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকার হাসেম আলির ছেলে আশরাফ আলি (২৫), তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন (২২) ও সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান হোসেন (২১)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে উত্ত্যক্ত করে আসছেন। গত সোমবার রাতে ভুক্তভোগী টয়লেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাকে আসামিরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে তাদের উপজেলা মুশা পাকার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
অপরদিকে গতকাল রাতে উপজেলার স্বাশান বাজার এলাকায় অভিযান চালিয়ে সদর ইউনিয়নের কেশবা গ্রামের মৃত গনেশ চন্দ্র রায়ের ছেলে জলধার চন্দ্র রায় (৪২) কে একশত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর বলেন, এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হলে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাছাড়া মাদসকসহ একজনকে আটক করা হয়েছে, আজকে সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
