শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

রংপুরে ৯ বছরের শিশু সানজিদা হত্যা ও ধর্ষণ মামলায় যুবক আটক




মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:



রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু সানজিদা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় মো. মুজাহিদ ইসলাম (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুজাহিদ ওই এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয় কৃষক সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেতে সানজিদার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। মরদেহের চোখ উপড়ানো অবস্থায় থাকায় ঘটনার নৃশংসতা এলাকাবাসীকে স্তব্ধ করে দেয়।


পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রোববার (২১ জুন) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।


মামলা দায়েরের পর থেকেই খুনি শনাক্তে অভিযান শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।


তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে মুজাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হতে তাকে থানা হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

এলাকার খবর