মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে নিজ মা মারুফা বেগমকে (৬০) নৃশংসভাবে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত জুয়েল কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের ময়দান পাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিনের বড় ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফা বেগমের ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করেন। বাড়িতে মা ও বড় ভাই জুয়েল একসাথে থাকতেন। গত ২ জুন লাভিন মিয়া ঢাকা থেকে বাড়িতে এসে তার মাকে খুঁজে পাচ্ছিলেন না। ৪ জুন সকালে লাভিন মিয়ার স্ত্রী বিছানা গোছাতে গিয়ে তোশকের নিচে রক্ত এবং ঘরের মেঝেতে রহস্যজনক ফাটল দেখতে পান।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় সেই ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই বড় ছেলে জুয়েল পলাতক ছিলেন। এ ঘটনায় ছোট ছেলে লাভিন মিয়া বাদী হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থেকে ঘাতক জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাকে হত্যা করে মরদেহ গুম করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে, সেখানে তার জবানবন্দি রেকর্ড করা হবে।"
