মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৫০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো হস্তান্তর করেন।
এ উপলক্ষে আরিফুর রহমানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল রশিদ শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু হাসান শেখ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থ ও প্রশাসন প্রধান কোহিনূর আলম চৌধুরী। এ সময় সরকারি কর্মকর্তা, সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কিশোরগঞ্জ উপজেলার ৫০ জন প্রতিবন্ধী উপকারভোগীর মাঝে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার বিতরণ করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানান, হুইলচেয়ার বিতরণের পাশাপাশি ১০০ জন চক্ষু রোগীর ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চক্ষু শিবিরটি অনুষ্ঠিত হবে এবং এর সফল বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
