মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে নীলফামারীতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে শাখা ডাকঘর কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার ব্যানারে শহরের ব্যস্ততম চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শাখা ডাকঘরের বিপুল সংখ্যক কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার সভাপতি জিকরুল হকের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামিল আহমেদ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা।
সমাবেশে কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বক্তব্য দেন ডিমলা উপজেলার শাখা পোস্ট মাস্টার রেজাউল করিম, সৈয়দপুরের শাখা পোস্ট মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলার শাখা পোস্ট মাস্টার আনিসুল হক শাহ এবং শাখা পোস্ট মাস্টার সৈয়দ ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মো. সেলিম রেজা বলেন, "বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে টিকে থাকতে হলে বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের সময়ের দাবি। আমরা সরকারের কাছে জোর আহ্বান জানাই, অবিলম্বে সারাদেশের ডাক কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে বিদ্যমান বৈষম্য দূর করা হোক।"
সংগঠনের সাধারণ সম্পাদক জামিল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "শাখা ডাকঘরের কর্মচারীরা বর্তমানে মাত্র ৪ হাজার থেকে ৬ হাজার টাকা সম্মানী পাচ্ছেন, যা এই বাজারে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি দায়িত্ব পালন করেও আমরা চরম অবহেলার শিকার হচ্ছি এবং পরিবার নিয়ে অসহায় দিন কাটাচ্ছি।"
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শেষে আন্দোলনকারীরা নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তাদের ২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন।
