মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে মো. শফিকুল ইসলাম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি একটি গণমাধ্যমে ‘প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, মো. শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও সরকারপ্রধানকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। তার এমন কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বিভাগের আদেশে বলা হয়, প্রধান শিক্ষকের এই আচরণ ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ৩ (খ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অন্তর্ভুক্ত। এই অপরাধের পরিপ্রেক্ষিতে তাকে সরকারি বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী যেকোনো কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
