শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

তিস্তার পানি কমে বিপৎসীমার নিচে: স্বস্তিতে নিম্নাঞ্চলের মানুষ



মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে ফুলে-ফেঁপে ওঠা তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা সোমবার রাতেও ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, নদীর পানি ক্রমান্বয়ে কমছে এবং পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

এর আগে সোমবার রাতে পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল। এতে ফসলি জমি ও ঘরবাড়িতে পানি ওঠার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, "সোমবার রাতে নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছিল। তবে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে থাকায় এখন এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে।"

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, নদীর পানি এখন বিপৎসীমার নিচে অবস্থান করছে এবং সামনের কয়েক ঘণ্টায় পানি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন বলেও তিনি নিশ্চিত করেন।

এলাকার খবর