শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা: দেবরের ৫ বছরের কারাদণ্ড



মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের স্ত্রীকে (গৃহবধূ) ধর্ষণচেষ্টার দায়ে আব্দুল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) এ.বি.এম. গোলাম রসূল জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল শাহপাড়া এলাকার আ. গফুরের ছেলে।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ জুলাই নয়নখাল শাহপাড়া এলাকায় বড় ভাইয়ের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান দেবর আব্দুল্লাহ। এসময় ভুক্তভোগী গৃহবধূ চিৎকার করলে তাকে বেধড়ক মারধর করা হয়। 

পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ আট বছরের বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. গোলাম মোস্তফা সজীব জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ভুক্তভোগী নারী ন্যায়বিচার পেয়েছেন। 

এই রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার খবর