মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ঘাতক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ভ্যানটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চার আরোহীর মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন— ডোমার উপজেলার নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানী (২৮), এবং তার দুই শিশুপুত্র পিতোসা (৮) ও যাদব (৪)। নিহতদের মধ্যে প্রতিমা ও তার দুই সন্তান একই পরিবারের সদস্য।
দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এরপর ডোমার থানা ও ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে আঞ্চলিক সড়কটিতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, যা পরে স্বাভাবিক হয়।
এ ঘটনায় পুরো নাদিয়াপাড়া এলাকাসহ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ। তিনি বলেন, চারজন নিহত হয়েছেন,দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
