জলঢাকা (নীলফামারী) থেকে,
নীলফামারীর জলঢাকা উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে সুমি রানী রায় (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি রানী রায় জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি নীলফামারী উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সুমি রানী রায় তার পরিচিত স্বপন রায়ের মোটরসাইকেলে করে কর্মস্থল উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি দ্রুতগামী বাসের সামনে মোটরসাইকেলটি ব্রেক করে। এসময় রাস্তার পাশে থাকা বালুর কারণে চাকা স্লিপ করলে সুমি রানী রায় ছিটকে বাসের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায়ও গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
