শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারীতে অনলাইনে ক্যাসিনো খেলার সময় ইউপি সদস্য প্রার্থী গ্রেপ্তার




মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার সময় খোকন ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।


গ্রেপ্তারকৃত খোকন ইসলাম উপজেলার পুটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ি বানিয়াপাড়া এলাকার জীবন উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের আসন্ন নির্বাচনে ইউপি সদস্য পদের একজন প্রার্থী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, খোকন ইসলাম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মোবাইল ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলে আসছিলেন। শুক্রবার রাতে নিজ বাড়িতে আরও কয়েকজন যুবকসহ তিনি অনলাইনে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করার পাশাপাশি জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ সকালে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এলাকার খবর