মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঐতিহ্যবাহী তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছে। বিদ্যালয়ের ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তীর্ণ ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন শিক্ষার্থী 'ট্যালেন্টপুল' (মেধা তালিকা) এবং ১৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর এই অর্জন পুরো জেলায় ব্যাপক সাড়া ফেলেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে এই সাফল্যের খবর নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান। অভাবনীয় এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।
সাফল্যের বিষয়ে প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, "আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের নিবিড় তদারকির ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য একটি বড় মাইলফলক।"
এ বিষয়ে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, "নিয়মিত পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই গৌরবজনক সাফল্য এসেছে। এক সঙ্গে ৪০ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।"
