মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মোছা. মাজেদা খাতুন এবং একই উপজেলার মো. হাসান আলী। পুলিশ জানায়, তাদের কাছ থেকে মোট ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং-২১।
একই অভিযানে সিআর নং-৮০/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মোসাদ্দেক হোসেনকেও গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাড়ীমধুপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধেই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
