মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে কানাডার ভুয়া ভিসা প্রদান করে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সক্রিয় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ১৮ জুলাই নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন দক্ষিণ দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কিশোরগঞ্জ থানার দক্ষিণ দুরাকুটি (বাহাগিলী) এলাকার মোঃ সাহাবুদ্দিনের দুই ছেলে মোঃ আঃ জলিল মিয়া (৩৯) ও মোঃ সালমান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ মিজানুর রহমান (৩১) গত ১৭ জুলাই নীলফামারী জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উচ্চ বেতনে কানাডায় চাকরির প্রলোভন দেখিয়ে এই চক্রটি তাকে ভুয়া কানাডিয়ান ভিসা প্রদান করে এবং বিভিন্ন সময়ে অনলাইন ই-ট্রানজেকশন, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন বিষয়টি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ প্রদান করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে আরও সহযোগীদের সহায়তায় অনলাইনে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই বিশাল অংকের টাকা আত্মসাৎ করেছেন।
এই ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৪, তারিখ-১৮/০৭/২০২৬ খ্রিঃ)। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
