শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, অফিস সহকারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালী থেকে, 

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন ও প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত ৩১ জুলাইয়ের এক অফিস আদেশে জানানো হয়, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হবে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। 

গত ২৫ জুলাই এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে বিদ্যালয়ের শৃঙ্খলা, সামাজিক ভাবমূর্তি ও কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভিযোগের পর দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা ৩০ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত এবং প্রচলিত বিধিমালা অনুসরণ করে মো. জলিলুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে এ আদেশের অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা (পটুয়াখালী), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (কলাপাড়া)সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অফিস সহকারী মো. জলিলুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন,অফিস সহকারী মো. জলিলুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। তদন্তের ভিত্তিতে বিদ্যালয়ের শৃঙ্খলা, সুনাম এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এলাকার খবর