টাঙ্গাইল থেকে,
টাঙ্গাইলের ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে ১১টি বড় গাঁজার গাছসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের পাটক্ষেতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১১টি বড় গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং আল আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
