নিজস্ব প্রতিবেদক,
বরিশাল সফর শেষে রাজধানীতে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর ঢাবিতে দ্বিতীয়বারের মতো গেলেন প্রধানমন্ত্রী। জানা যায়, দেশের তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে এগিয়ে নিতে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতেই মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান।
সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের বর্তমান অবস্থা, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির কৌশল এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের স্টার্টআপ খাত নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা এবং নির্বাচিত উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণের কর্মসূচিও রয়েছে।
এ আয়োজনের অন্যতম আকর্ষণ ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন। উদ্যোক্তাদের জন্য ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগ এবং বিভিন্ন প্রয়োজনীয় সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই সরকার জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। নির্বাচনি ইশতেহার-২০২৬ অনুযায়ী ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।
উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
