শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারীতে ছাত্র অধিকার পরিষদে বিতর্ক: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদ করায় নেতাদের বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, 

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সংগঠনের একাধিক নেতাকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। বহিষ্কৃত নেতাদের দাবি, তারা সাংগঠনিক শৃঙ্খলা ও সংগঠনের স্বার্থে সাধারণ সম্পাদকের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করায় তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, গত ১১ জুলাই ২০২৬ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য দেন। সভায় নীলফামারী জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনও বক্তব্য রাখেন।

বহিষ্কৃত নেতাদের অভিযোগ, ওই বক্তব্যে রাকিব হোসেন নীলফামারী জেলা ছাত্র অধিকার পরিষদ সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেন, যা জেলার সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তারা আরও দাবি করেন, তিনি সংগঠনের সাংগঠনিক অবস্থা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন এবং বাস্তবে জেলার কার্যক্রম তার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ঘটনার পর নীলফামারী জেলা ছাত্র অধিকার পরিষদের একাংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক স্বেচ্ছাচারিতা, সংগঠন পরিচালনায় ব্যর্থতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ঘোষণা করে।

তাদের অভিযোগ, সংগঠনের স্বার্থে এসব বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানানো ও জবাবদিহিতা দাবি করায় পরবর্তীতে একাধিক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা দাবি করেন, ভিন্নমত দমন এবং সাংগঠনিক সমালোচনার জবাব বহিষ্কারের মাধ্যমে দেওয়া সংগঠনের গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

তবে এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এলাকার খবর