মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে মাদকাসক্ত মো আলিফনুর রহমান (২২) নামে এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আলিফনুর রহমান বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি এলাকায় আশরাফুল ইসলামের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এতে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিফনুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে আজকে দুপুরের দিকে মাদক সেবন করে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এঘটনা দেখে তার বাবা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, এক যুবক মাদক সেবন করে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। তার বাবা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে সেখানে গিয়ে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
