মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাপায় হুমাউন কবির (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমাউন কবির গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সে রনচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য বিকেলে সাইকেলযোগে বাড়ি থেকে ধরেয়ার বাজারে যাচ্ছিল হুমাউন। পথে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
