জেলা প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর জলঢাকায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে পড়ে গিয়ে গুরুতর আহত উম্মে কুলসুম (৪৫) নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গোদর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি একই বিদ্যালয়ের শিক্ষক আলিমুজ্জামানের স্ত্রী এবং শৌলমারী মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে উম্মে কুলসুম ও তার স্বামী মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। গোদর বাজার এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেল থেকে পড়ে উম্মে কুলসুম গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
