কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণের অসঙ্গতি প্রমাণিত হওয়ায় বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। এরআগে গত (৫ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়৷
চিঠিতে উল্লেখ করা হয়, ৪নম্বর বাহগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন এর বিরুদ্ধে ২০২৫-২৬ অর্থ বছরে বাহাগিলি ইউনিয়নে মানবিক সহায়তা ভিজিএফ এর চাল বিতরণে অসঙ্গতির বিষয় তদন্তে প্রমাণিত হয়েছে। যা ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রসঙ্গত, এরআগে অনিয়ম ও দুর্নীতির দায়ে ইউপি সদস্যদের অনাস্থায় ২০২৫ সালের মার্চ মাসে ইউপি চেয়ারম্যান লিপটনকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। হাইকোর্টে রিট পিটিশন করে বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় তিনি চেয়ারম্যান পদ ফিরে পান।
